Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:০৮ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩০, ২০২৬ , ৬:৫১ অপরাহ্ণ

শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন

লেখকঃ এহিয়া আহমদ রাফি, কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের ঐতিহ্যবাহী শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন ২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদ কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এবারের নির্বাচনে শহীদনগর বাজারের ব্যবসায়ী ও মালিকগণ ভোটার হিসেবে অংশগ্রহণ করেন। মোট ৫৮২ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে শুরু হয় ভোট গণনা। দীর্ঘ সময় ধরে ভোট গণনা শেষে রাত ১২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক ও ২নং পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান এবং নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার ও প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মো. জমশেদ আলী, শওকত আহমদ ও সবুজ মন্ডল। এছাড়া দায়িত্ব পালন করেন মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান, সহকারী শিক্ষক আব্দুল আহাদ এবং উসমানগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক টিপুল আলী।

নির্বাচনকে ঘিরে সারাদিন শহীদনগর বাজারে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সকাল থেকেই ভোটকেন্দ্রে ব্যবসায়ী ও মালিকদের সরব উপস্থিতি ছিল। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাঁরা তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ থেকে শুরু করে ভোট গণনা ও ফলাফল ঘোষণা পর্যন্ত পুরো প্রক্রিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।

নির্বাচনের পূর্ণাঙ্গ ফলাফল

সভাপতি পদে: আফরোজ খান (বল) ২৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী টিপু সুলতান চৌধুরী (ছাতা) পেয়েছেন ২২০ ভোট। কয়ছর আহমদ (চেয়ার) পেয়েছেন ৬৬ ভোট এবং মুজিবুর রহমান বাদশা (দেয়াল ঘড়ি) পেয়েছেন ১০ ভোট।

সহ-সভাপতি পদে: মনোয়ার মিয়া (চশমা) ৩৭৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মছদ্দর মিয়া (বিদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৩৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে: হেলাল খান (চাকা) ২৩৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জয়নাল আবেদীন (মোটরসাইকেল) পেয়েছেন ২৩৫ ভোট। মিরাজ খান (ঘোড়া) পেয়েছেন ৪০ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে: শাকির হোসেন জয় (বই) ২৩২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। কামাল হোসেন (মাইক) পেয়েছেন ১১০ ভোট, তাজুল ইসলাম সাচ্চু (টিউবওয়েল) ৮৬ ভোট এবং সাজু মিয়া (গরুর গাড়ি) ৬১ ভোট পেয়েছেন।

সাংগঠনিক সম্পাদক পদে: মোহাম্মদ শাহিদ আলী (সিলিং ফ্যান) ২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী নজরুল ইসলাম সজীব (আপেল) পেয়েছেন ২২২ ভোট।

প্রচার সম্পাদক পদে: নজরুল ইসলাম (টেলিভিশন) ২৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীম আহমদ চৌধুরী (মোবাইল ফোন) পেয়েছেন ২০৭ ভোট।

কোষাধ্যক্ষ পদে: দেলোয়ার হোসেন (মই) ৩৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পারভেজ উদ্দিন (মোরগ) পেয়েছেন ১৭৩ ভোট।

ক্রীড়া সম্পাদক পদে: বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিমল দত্ত রিপন নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে: রুনু মল্লিক (তালগাছ) ২৬৭ ভোট, সাইফুল ইসলাম নেফুল (বাইসাইকেল) ২৩৭ ভোট এবং জুবের আহমদ (আম) ২১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তেরা মিয়া (তালাচাবি) পেয়েছেন ১৪৬ ভোট এবং মিটু মিয়া (কাপ-পিরিচ) পেয়েছেন ১১১ ভোট।

ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। ব্যবসায়ী ও মালিকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটি শহীদনগর বাজারের উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন