কুমিল্লা দেবিদ্বারে ‘দুলহান বিউটি স্পা’ নামে একটি পার্লারের মালিক, ম্যানেজার ও মালিকের বোনের বিরুদ্ধে এক নারী কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী কর্মীর কাছ থেকে জোরপূর্বক মোবাইল ফোন রেখে দেওয়া এবং স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাতে দেবিদ্বার উপজেলার কলেজ রোডের খাঁন সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘দুলহান বিউটি স্পা’র ভেতরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ওই নারী কর্মী অন্য একটি পার্লারে চলে যাওয়ার কথা বলায় পার্লারের ম্যানেজার, মালিক ও মালিকের বোন তার ওপর চড়াও হন। পরে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার সময় বিষয়টি ফেসবুক লাইভে প্রচার করা হয় বলেও জানা গেছে।
এছাড়া, ওই নারী কর্মীর কাছ থেকে জোর করে মোবাইল ফোন রেখে দেওয়া এবং একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহলের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা অভিযোগের সুষ্ঠু তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্য জানতে ‘দুলহান বিউটি স্পা’র মালিক শাকিলার হোয়াটসঅ্যাপে একাধিকবার কল করা হলেও তিনি কোনো সাড়া দেননি।
আজকালের কন্ঠ/আর বি