Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:৪৪ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৮, ২০২৬ , ৬:৩৮ অপরাহ্ণ

মায়ের সঙ্গে মনোমালিন্যের পর তন্বীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফাতেমা আক্তার তন্বী (২৪) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত গভীর রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের উরিচ্চার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত তন্বী ওই এলাকার তরিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, তন্বী গত বছর ডিগ্রি পাস করেন। তার এখনও বিয়ে হয়নি। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মায়ের সঙ্গে প্রায়ই তার মনোমালিন্য ও বাগ্‌বিতণ্ডা হতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে তন্বী নিজ কক্ষের দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা।

পরে খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তন্বীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশি তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্ট করুন