Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৭, ২০২৬ , ১০:৩৯ পূর্বাহ্ণ

শরিয়তপুরের ভেদরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ১০ বছরের শিশু নিখোঁজ

লেখকঃ শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে পদ্মার শাখা নদীতে গোসল করতে গিয়ে মারিয়া (১০) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুর ১২টার দিকে সখিপুরের মাধু সরকারের কান্দি ৫ নম্বর ওয়ার্ডের স্টেশন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মারিয়া মঙ্গলবার নানাবাড়িতে বেড়াতে আসে। বুধবার দুপুরে আরও দুই শিশুর সঙ্গে নদীতে গোসল করতে যায় সে। একপর্যায়ে তিনজনই পানিতে ডুবে গেলে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও মারিয়ার সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। প্রায় তিন ঘণ্টা ধরে স্থানীয়রা খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি।

ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার আমির হোসেন বলেন, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে নদীতে তল্লাশি শুরু করেছে। নদীর স্রোত ও পানির গভীরতা বিবেচনায় নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করা হচ্ছে।

নিখোঁজ শিশুর বাবা কাশেম বলেন, “মারিয়া গতকাল নানাবাড়িতে বেড়াতে এসেছিল। আজ গোসল করতে গিয়ে নিখোঁজ হয়েছে। অনেক খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন