পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে দরুদ পাঠ, আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের উদ্যোগে আলাউদ্দিন আহমেদ পল্লীপার্ক লিমিটেডের অডিটোরিয়াম হলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কুষ্টিয়া জেলার বিভিন্ন মাদ্রাসার দুই হাজারের বেশি শিক্ষক-শিক্ষার্থী, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, শান্তি, সহমর্মিতা ও সম্প্রীতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি দরুদ পাঠ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।
আয়োজকরা জানান, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শের শিক্ষা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সমাজে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বৃদ্ধিই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
অনুষ্ঠানের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে একটি বৃদ্ধাশ্রমে খাবার পাঠানো হয়। এর মাধ্যমে প্রবীণ ও অসহায় মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে আলাউদ্দিন আহমেদ ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলমসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দেশ, জাতি, মুসলিম উম্মাহ ও সকল মানুষের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
ফাউন্ডেশনের সিনিয়র ম্যানেজার মোঃ মোর্শেদ আলম বলেন, মহানবী (সা.)-এর আদর্শ সুন্দর ও মানবিক সমাজ গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখাই তাঁদের লক্ষ্য।
আজকালের কন্ঠ/আর বি