Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৩:৩২ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৬, ২০২৬ , ৫:৩৫ অপরাহ্ণ

১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি, লক্ষ্মীপুরের ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি। লক্ষ্মীপুর সদর থানায় দায়ের করা মামলায় ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি সবুজ (৩৮) অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।

গ্রেপ্তার সবুজ লক্ষ্মীপুর সদর উপজেলার চররাহী (মণ্ডল পাড়া) এলাকার আবুল কালামের ছেলে। র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী এবং র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা, ঢাকার যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দেওয়া প্রেস রিলিজ অনুযায়ী, ২৫ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে ঢাকার বনানী থানাধীন ট্রাফিক পুলিশ বক্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, ২০০৮ সালে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে সবুজের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়। মামলার বিচারিক কার্যক্রম শেষে ২০১১ সালের ১৮ অক্টোবর আদালত তাকে পেনাল কোডের ৪৯৭ ধারায় ৫ বছর এবং ৩৬৬ ধারায় ১০ বছর—সর্বমোট ১৫ বছরের সাজা প্রদান করেন।

আদালতের রায় ঘোষণার পর সাজা এড়াতে সবুজ দীর্ঘ ১৪ বছর ধরে আত্মগোপনে ছিলেন। একপর্যায়ে র‍্যাবের গোয়েন্দা নজরদারিতে তার অবস্থান শনাক্ত হয়। পরে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন