নদীমাতৃক বরিশালে নৌপথের নিরাপত্তা জোরদার এবং দক্ষ জনবল তৈরির লক্ষ্যে বরিশাল জেলা পুলিশের বিশেষ উদ্যোগে ২১ দিনব্যাপী স্পীডবোট ও কান্ট্রিবোট চালনা প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বরিশাল জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ শেষে সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রথম পর্যায়ে ২১ দিনের কঠোর প্রশিক্ষণ শেষে চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ মোট ১০ জন নায়েক/কনস্টেবল সনদপত্র অর্জন করেন। অনুষ্ঠানে বরিশাল জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার এ. জেড. এম. মোস্তাফিজুর রহমান উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।
এ সময় পুলিশ সুপার প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি, নৌপথে দায়িত্ব পালনে সতর্কতা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর ভূমিকা পালনের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসানসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
বরিশাল জেলা পুলিশের সংশ্লিষ্টরা জানান, নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা, উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রশিক্ষণপ্রাপ্ত এই সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি জেলা পুলিশের নৌ-অভিযান ও জরুরি সেবার সক্ষমতা আরও বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে।
আজকালের কন্ঠ/আর বি