নড়াইলের লোহাগড়ায় বাসের চাপায় মো. বাচ্চু খান (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে।
মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর-কালনা মহাসড়কের লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু খান নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের মৃত খোরশেদ খানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিহত বাচ্চু খান নিজ বাড়ি রায়পাশা থেকে লোহাগড়া উপজেলা শহরে যেকোন কাজের জন্য আসেন। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে যশোর-কালনা মহাসড়কের লোহাগড়া পৌর শহরের লক্ষীপাশা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হতে গেলে যশোর থেকে আসা একটি লোকাল বাস দ্রুত গতিতে এসে বাচ্চু খানকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় স্থানীয়দের সহোযোগিতায় বাস এবং বাসের চালককে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
ঘাতক ড্রাইভারের নাম মো: নূর মোহাম্মদ (৫০), তার পিতার নাম মৃত দিদার মোল্লা, মুরালী মোড়, কোতোয়ালি যশোর। ঘাতক বাসের নম্বর ঢাকা মেট্রো ব ০৪-৫৯৫০।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় বলেন, বাসের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন, এ ঘটনার বাসের চালক এবং ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ মৃত্যুর ঘটনায় পরিবারের মাঝে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আজকালের কন্ঠ/আর বি