Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০৩ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ২৪, ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ

চিরিরবন্দরে হুইপ আখতারুজ্জামানের আকস্মিক পরিদর্শনে ১০ স্কুলে চরম বিশৃঙ্খলা: শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে কঠোর হুঁশিয়ারি

লেখকঃ ​মোঃ রব্বানী, দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুর-৪ (চিরিরবন্দর–খানসামা) আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া চিরিরবন্দর উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পূর্বঘোষণা ছাড়াই আকস্মিক পরিদর্শন চালিয়েছেন। আজ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে সরেজমিনে পরিদর্শনকালে পাঠদানে অবহেলা, শিক্ষকদের অনুপস্থিতি এবং প্রশাসনিক শিথিলতাসহ নানা অনিয়ম ধরা পড়ায় চরম অসন্তোষ প্রকাশ করেন তিনি।

​পরিদর্শনকালে তিনি সরাসরি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষকদের উপস্থিতি, ক্লাসের সময়সূচি এবং সার্বিক শিক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করেন। এ সময় বেশ কিছু গুরুতর বিশৃঙ্খলা ও অনিয়ম তার নজরে আসে।

শিক্ষক অনুপস্থিতি ও স্বেচ্ছাচারিতা: নির্ধারিত সময় পার হয়ে গেলেও একাধিক শিক্ষকের অনুপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি উপযুক্ত কর্তৃপক্ষকে না জানিয়ে ছুটিকে বহাল রাখার প্রবণতাও দেখা গেছে।

মৌলিক তথ্যে অজ্ঞতা: শ্রেণিকক্ষের বোর্ডে তারিখ ও উপস্থিতির তথ্য আপডেট ছিল না। প্রতিষ্ঠানের মোট শিক্ষার্থী ও পরীক্ষার্থীর সঠিক তথ্য অনেক শিক্ষকই দিতে পারেননি।

অসময়ে প্রতিষ্ঠান বন্ধ: শিক্ষার্থীর সংখ্যা কম থাকার অজুহাতে নির্ধারিত সময়ের আগেই একাধিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রমাণ পাওয়া যায়।

অভিভাবক যোগাযোগের অভাব: নিয়মিত অনুপস্থিত ও ঝরে পড়া শিক্ষার্থীদের বিষয়ে অভিভাবকদের সাথে যোগাযোগ বা কোনো কার্যকর পদক্ষেপ নেওয়ার চিত্র পাওয়া যায়নি।

​পরিদর্শন শেষে হুইপ আখতারুজ্জামান মিয়া বলেন, শিক্ষকরা জাতি গড়ার কারিগর, তাঁদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কিন্তু শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ধরণের দায়িত্বহীনতা বা গাফিলতি বরদাস্ত করা হবে না। কেবল শ্রেণিকক্ষে পাঠদানই শেষ কথা নয়, শিক্ষার্থীদের স্বপ্ন দেখানো এবং বিদ্যালয়ে তাদের উপস্থিতি নিশ্চিত করাও শিক্ষকদের দায়িত্ব।

​তিনি আগামী এক মাসের মধ্যে প্রতিটি প্রতিষ্ঠানে উপস্থিতির হার বাড়ানো, অনুপস্থিতদের ক্লাসে ফিরিয়ে আনা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাস্তবায়নে দৃশ্যমান পরিবর্তনের আল্টিমেটাম দেন।

​একই সাথে তিনি প্রতিষ্ঠানের ওয়াশরুমের ব্যবহারযোগ্যতা, নিরাপদ পানি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মাদক, কিশোর অপরাধ, বাল্যবিবাহ ও অনলাইন আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানান।

​সংসদ সদস্য ও হুইপ আখতারুজ্জামান মিয়ার এই আকস্মিক পরিদর্শন ও শিক্ষার মানোন্নয়নে এমন কঠোর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন