আধুনিক ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম সহজীকরণ ও ভূমি রাজস্ব আদায় বৃদ্ধিতে করণীয় নির্ধারণ বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ, জে, এম. সালাহউদ্দিন নাগরী।
বৃহস্পতিবার (২০ আগস্ট) শরীয়তপুর জেলা প্রশাসনের আয়োজনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে জেলার উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম।
সফরকালে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ডরুম পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কার্যক্রমের খোঁজখবর নেন।
পরে তিনি শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন ভূমি অফিস ও উপরগাঁও আদর্শ গ্রাম পরিদর্শন করেন। এ সময় সেবাগ্রহীতাদের সহজে ও দ্রুত ভূমিসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি আদর্শ গ্রামের বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আজকালের কন্ঠ/আর বি