দিনাজপুরের ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেয়েটির বাবা আহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) দুপুর ১২টার দিকে ঘোড়াঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জমিলাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—গোবিন্দগঞ্জ উপজেলার নাসিরাবাদ এলাকার সেলিম হোসেনের স্ত্রী মোছা. সম্পা বেগম (৩৫) ও তার মেয়ে নুসাইফা আক্তার (১২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্পা বেগম, তার মেয়ে নুসাইফা আক্তার ও তার বাবা মোটরসাইকেলে করে ঘোড়াঘাটের বাগানবাড়ী এলাকায় মেয়ের জামাইয়ের বাড়িতে যাচ্ছিলেন। তারা জমিলাপুর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই সড়কে ছিটকে পড়েন।
এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই সম্পা বেগম ও তার মেয়ে নুসাইফা আক্তারের মৃত্যু হয়। দুর্ঘটনায় মেয়েটির বাবা আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসেন। এতে মা ও মেয়ের মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের কন্ঠ/আর বি