বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা বালুর মাঠ সংলগ্ন উজিরপুর যাতায়াতের সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার ইট উঠে গিয়ে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ, আর সামান্য বৃষ্টিতেই পানি জমে সড়কটি রূপ নেয় নাজেহাল অবস্থায়। ফলে প্রতিনিয়ত যানবাহন উল্টে ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তাটির মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও দীর্ঘদিন ধরে কোনো সরকারি বাজেট মেলেনি। এতে জনভোগান্তি চরম আকার ধারণ করলে এবং দুর্ঘটনা বাড়তে থাকায় শেষ পর্যন্ত নিজেরাই উদ্যোগ নেন স্থানীয়রা। দুর্ঘটনা এড়াতে এলাকা বাসি ও ‘কল্লোল পল্লি মঙ্গল তরুণ সংঘ’-এর যৌথ উদ্যোগে চাঁদা তুলে সড়ক সংস্কারের কাজ শুরু করা হয়। এই উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের বিভিন্ন পেশাজীবী মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
তবে উদ্যোক্তারা জানিয়েছেন, ব্যক্তি উদ্যোগে সংগৃহীত সীমিত তহবিল দিয়ে পুরো রাস্তার সংস্কারকাজ শেষ করা সম্ভব নয়। সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে হলে সরকারি জরুরি অর্থ বরাদ্দ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি ও বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।
আজকালের কন্ঠ/আর এস