লক্ষ্মীপুরের রায়পুরে ইয়াবা ক্রয়-বিক্রয়ের অভিযোগে আনোয়ার হোসেন শিবলু ওরফে ‘কয়লাসহ’ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের দাবি করেছে পুলিশ।
গত রোববার বিকেলে বিশেষ অভিযান চালিয়ে জিয়াউর রহমান ওরফে তুষার, আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লা এবং আরমানকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, জিয়াউর রহমান ওরফে তুষারের বাড়ির একটি কক্ষে মাদক সেবন ও বিক্রির কার্যক্রম চলছিল—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে ৯ গ্রাম ইয়াবা, প্রায় ৯০ পিস ইয়াবা, ইয়াবা সেবনের ৬০ পিস ফয়েল পেপার এবং ইয়াবা সংরক্ষণের ১২০টি জিপার ব্যাগ উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার জিয়াউর রহমান ওরফে তুষারের বিরুদ্ধে তিনটি মূলতবি ওয়ারেন্ট এবং আনোয়ার হোসেন শিবলু ওরফে কয়লার বিরুদ্ধে দুটি মূলতবি ওয়ারেন্ট রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আজকালের কন্ঠ/আর এস