‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাকিব হাছান খাঁনের সভাপতিত্বে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির আয়োজনে র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। পরে কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা সুমন লাল দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে এবং শিক্ষক শারমিন ফাতেমার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহফুজ আনাম জনি, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যচাষিদের উৎসাহিত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। পরে মৎস্য খাতে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, বিএনপি নেতা মো. হেদায়েত, যুবদল নেতা মাসুম মুন্সী, স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হোসেন, পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুরসহ স্থানীয় মৎস্যচাষি, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
উল্লেখ্য, জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে দেশব্যাপী ১৬ থেকে ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
আজকালের কন্ঠ/আর এস