Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৯:২৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৬ , ৫:০৭ অপরাহ্ণ

মুরাদনগরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে আর্জুনা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আর্জুনা বেগম পাহাড়পুর গ্রামের জামাল শিকদারের স্ত্রী। তাঁদের ১৪ বছর বয়সী একটি মেয়ে ও ১০ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর আগে পার্শ্ববর্তী দেবিদ্বার উপজেলার রাজামেহের এলাকা থেকে এসে পাহাড়পুর গ্রামে বসতি গড়েন জামাল শিকদার ও আর্জুনা বেগম। জামাল শিকদার স্থানীয় বিসমিল্লাহ ফিশারি প্রজেক্টে কর্মরত ছিলেন।

স্থানীয়দের ভাষ্য, সোমবার দুপুর ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁদের ১০ বছর বয়সী ছেলে ইয়াসিনের উপস্থিতিতে দা দিয়ে আর্জুনা বেগমকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান। ঘটনার পর জামাল শিকদার পালিয়ে যান।

পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আঃ ছামাদ মাঝি বলেন, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজার কাছে আর্জুনা বেগমকে পড়ে থাকতে দেখেন। এ সময় তাঁর ছেলে ইয়াসিন ঘটনাস্থলে উপস্থিত ছিল বলেও জানান তিনি।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী জামাল শিকদার পলাতক রয়েছেন। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন