Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:২৫ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৬ , ৪:৩০ অপরাহ্ণ

আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিককে হত্যার হুমকির অভিযোগ

লেখকঃ আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তরিকুল ইসলাম গাজি (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ওই সাংবাদিক।

ভুক্তভোগী সাংবাদিকের অভিযোগে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের পশ্চিম আমবৌলা গ্রামের বাসিন্দা ফারুক গাজীর ছেলে তরিকুল ইসলাম গাজি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। স্থানীয়ভাবে মাদক বিক্রি ও সেবনের বিষয়ে প্রতিবাদ করেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী। একইসঙ্গে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের উদ্যোগ নেন তিনি।

সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরীর অভিযোগ, এলাকায় মাদক বিক্রি ও সেবনের বিরুদ্ধে প্রতিবাদ করায় তার পক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে ভয়ভীতি প্রদর্শন করেন। একপর্যায়ে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, “এলাকায় মাদক বিক্রি ও সেবনের কারণে যুবসমাজসহ বিভিন্ন শ্রেণির মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় আমাকে ভয়ভীতি দেখানো হয়েছে। একপর্যায়ে হত্যার হুমকি দেওয়া হয়। আমি বর্তমানে নিজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।” ঘটনার পর স্থানীয় সাংবাদিকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। সাংবাদিকরা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি।

এদিকে, সাংবাদিককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তরিকুল ইসলাম গাজি। সাংবাদিকদের কাছে তিনি বলেন, “আমি আগে মাদক বিক্রি ও সেবন করতাম। এখন আমি মাদক বিক্রি বা সেবন করি না। সাংবাদিক শাহাদাতের সঙ্গে আমার কথাকাটাকাটি হয়েছে, তবে আমি তাকে হত্যার হুমকি দিইনি।”

এ ঘটনায় সাংবাদিক শাহাদাত হোসেন চৌধুরী তার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন