Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৫:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৬ , ১২:৫৫ অপরাহ্ণ

সৌদি আরবে সোফা কারখানায় আগুনে নাটোরের তিনজনের মৃত্যু

লেখকঃ নাটোর প্রতিনিধি

সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া এলাকায় একটি সোফা তৈরির কারখানায় কর্মরত অবস্থায় আগুনে পুড়ে নাটোরের তিনজনের মৃত্যু হয়েছে। মৃত্যুর খবরে পরিবারের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

রোববার(৯ আগস্ট) রাতে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- নাটোরে নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুরপাড়া গ্রামের মো. রাব্বানীর ছেলে সাব্বির হোসেন শুভ, দিঘীরপাড় এলাকার মোঃ জাখের আলীর ছেলে শামীম হোসেন এবং মহিষডাঙ্গা এলাকার আসলাম শেখের ছেলে রবিউল আউয়াল হৃদয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান নিহত তিনজন। সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফার কারখানায় কর্মরত ছিলেন। রোববার বিকেলে হঠাৎ ওই সোফা কারখানায় আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তে আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। ওই কারখানার ভেতরে কর্মরত অবস্থায় তাদের মৃত্যু হয়। যার মধ্যে নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের তিনজনের মৃত্যুর হয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান খান জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। জেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবগত করা হয়েছে। মরদেহ দেশে ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ সোমবার সকালে খাজুরা ইউনিয়নের নিহতের বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমাবেদনা জানান এবং সৌদি আরবের নাটোরের তিনজন নিহত পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন। নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আল এমরান খান পরিবারগুলোর হাতে এই নগদ অর্থ হাতে তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন থানার পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) ইব্রাহিম হোসেন ও খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন , নলডাঙ্গা উপজেলার পিআইও সহ উপজেলা কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন