Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৪৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১০, ২০২৬ , ১০:৪৬ পূর্বাহ্ণ

লোহাগড়ায় মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা, আহত ১

লেখকঃ কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মাদক কারবারিদের হামলায় পুলিশের এক উপপরিদর্শক খোকন হাওলাদার (৫২) আহত হয়েছেন। তিনি লোহাগড়া থানাধীন লাহুড়িয়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক হিসেবে চাকুরিরত আছেন।

রবিবার (৯আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লোহাগড়ার লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ড এলাকায় শ্যামার চায়ের দোকানের মধ্যে এ ঘটনা ঘটে।

আহত এসআই খোকন হাওলাদার (৫২) বরিশাল জেলার ওজিরপুর থানার গুঠিয়া ইউনিয়নের ঢহরপাড়া গ্রামের মৃত মোকসেদ আলী হাওলাদারের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন নামের এক মাদক কারবারির নিকট ৩০০/৪০০ পিচ ইয়াবা নিয়ে শ্যামার চায়ের দোকানে অবস্থান করছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই খোকন হাওলাদারের নেতৃত্বে পুলিশের একটি দল লাহুড়িয়া বাজারের মাগুরা স্ট্যান্ডে শ্যামার চায়ের দোকানে অভিযান চালায়।

পুলিশ অভিযান শুরু করতেই হারুন, শ্যামা লুৎফারসহ ২০-২৫ জনের একটি দল সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় এসআই খোকন হাওলাদার গুরুতর জখম হন। হামলাকারীরা মাদকসহ কারবারিদের নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় সাথে থাকা পুলিশ সদস্য ও স্থানীয়দের সহোযোগিতায় আহত খোকন হাওলাদারকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কর্তব্যরত চিকিৎসক ডা: হিমেল জানান মাথায় জখম হয়েছে। জখমের স্থানে দুইটি সেলাই দেওয়া হয়েছে। এক্সরে রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

স্থানীয়দের অভিযোগ, এলাকার মূল ইয়াবা কারবার নিয়ন্ত্রণ করে লাহুড়িয়া ইউনিয়নের কচুবাড়িয়া গ্রামের হারুন। তাদের সহযোগী চায়ের দোকানী শ্যামা, লুৎফর। অভিযানের সময় তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিল। গত দুইমাস আগেও হারুন ও তার স্ত্রীকে মাদক নড়াইল মাদক দ্রব্য অধিদপ্তর গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলে প্রেরণ করে। স্বামী, স্ত্রী ১ মাস কারাবন্দী ছিলেন। গত ১ মাস আগে জেল থেকে জামিনে বেরিয়ে এসেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন