Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১২:০০ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৯, ২০২৬ , ১০:৪৫ পূর্বাহ্ণ

বিশ্ব আদিবাসী দিবসে আদিবাসী শিক্ষার্থীদের ভাবনা ও প্রত্যাশা

লেখকঃ গোবিপ্রবি প্রতিনিধি

সভ্যতার দীর্ঘ ইতিহাসে আদিবাসী জনগোষ্ঠী তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও জীবনাচারের মাধ্যমে মানবজাতির বৈচিত্র্যকে সমৃদ্ধ করেছে। তবুও নানা সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সংকটের মধ্যেও তারা নিজেদের স্বকীয়তা টিকিয়ে রাখার সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসীদের ইতিহাস, অবদান, অধিকার, সমসাময়িক বাস্তবতা এবং তাদের ভাষা-সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারদিন মোহাম্মদ।

১. বৈচিত্র্যের বাংলাদেশে আদিবাসীদের অধিকার নিশ্চিত হোক

আন্তর্জাতিক আদিবাসী দিবস (৯ আগস্ট) বাংলাদেশে বসবাসকারী ৫০টিরও বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আত্মপরিচয়, অধিকার ও মর্যাদার দাবিকে স্মরণ করিয়ে দেয়। সংবিধানে তাঁদের “উপজাতি” বা “ক্ষুদ্র নৃ-গোষ্ঠী” হিসেবে উল্লেখ করা হলেও, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতির দাবি দীর্ঘদিনের। আদিবাসীদের প্রধান সংকট হলো ঐতিহ্যগত ভূমির অধিকার রক্ষা এবং ভাষা-সংস্কৃতির অস্তিত্ব টিকিয়ে রাখা। সমতল ও পার্বত্য অঞ্চলে ভূমি বেদখল ও উচ্ছেদের ঝুঁকি আজও তাঁদের জীবন ও জীবিকাকে হুমকির মুখে ফেলছে। এ প্রেক্ষাপটে ১৯৯৭ সালের পার্বত্য শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং আইএলও কনভেনশন ১০৭-এর কার্যকর প্রয়োগ অত্যন্ত জরুরি। আদিবাসী স্বীকৃতি কেবল একটি পরিভাষার প্রশ্ন নয়; এটি তাঁদের অস্তিত্ব, আত্মমর্যাদা ও নাগরিক অধিকারের সঙ্গে জড়িত। তাই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করা এবং ভাষা-সংস্কৃতি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়া সময়ের দাবি।

অনুত্তর চাকমা
শিক্ষার্থী, মার্কেটিং বিভাগ।

২. আন্তর্জাতিক আদিবাসী দিবস: অস্তিত্বের প্রত্যাশা

৯ আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস। বিশ্বের আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্ব, অধিকার, সংস্কৃতি ও পরিচয় রক্ষার সংগ্রামের প্রতীক এ দিনটি। ছোটবেলায় বন্ধুদের সঙ্গে ঐতিহ্যবাহী চাকমা পোশাক পিনোন-হাদি পরে আনন্দ মিছিলে অংশ নিতাম। তখন দিনটি ছিল আনন্দের; সময়ের সঙ্গে বুঝেছি, এর গুরুত্ব আমাদের অস্তিত্বের সঙ্গে গভীরভাবে জড়িত।

বাংলাদেশে এখনো আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি অমীমাংসিত। পার্বত্য চট্টগ্রামে ভূমির অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং ভাষা-সংস্কৃতি সংরক্ষণ বড় চ্যালেঞ্জ। সম্প্রতি বান্দরবানে হামের প্রাদুর্ভাবে ২ শিশুসহ ৭ জনের মৃত্যু পাহাড়ি অঞ্চলের স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা স্পষ্ট করেছে। আমাদের প্রত্যাশা সাংবিধানিক স্বীকৃতি, ভূমি সমস্যার স্থায়ী সমাধান, মাতৃভাষাভিত্তিক শিক্ষা এবং শিক্ষা-স্বাস্থ্য ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন। সকল আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা ও স্বকীয়তা প্রতিষ্ঠিত হোক।

শতাব্দী চাকমা
শিক্ষার্থী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।

৩. ৯ আগস্ট: স্বকীয়তা রক্ষার অঙ্গীকার

এই বিশেষ দিনটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তার প্রতি সম্মান জানানোর প্রতীক। বাংলাদেশের পাহাড়, সমতল ও বনাঞ্চলে চাকমা, মারমা, ত্রিপুরাসহ বিভিন্ন জনগোষ্ঠী নিজস্ব ঐতিহ্য ও জীবনধারা নিয়ে বসবাস করে আসছে। তাদের বৈচিত্র্যময় সংস্কৃতি বাংলাদেশের সামগ্রিক ঐতিহ্যকে করেছে সমৃদ্ধ।

তবে ভূমি হারানো, জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য, বৈষম্য ও মাতৃভাষায় শিক্ষার সীমিত সুযোগ তাদের জীবন ও সংস্কৃতিকে সংকটের মুখে ফেলছে। অনেক ভাষা ও ঐতিহ্য হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। তাই ভূমির অধিকার নিশ্চিত করা, মাতৃভাষাভিত্তিক শিক্ষা সম্প্রসারণ, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি এবং সাংস্কৃতিক চর্চার পরিবেশ তৈরি করা জরুরি। “আমরা আছি, আমরা বাঁচব”—এই প্রত্যয়ে আদিবাসীরা এগিয়ে যাক; তাদের ভাষা, সংস্কৃতি ও স্বকীয়তার প্রতি শ্রদ্ধাই হোক আমাদের অঙ্গীকার।

স্মৃতি ত্রিপুরা
শিক্ষার্থী, বাংলা বিভাগ।

৪. ৯ আগস্ট: বৈচিত্র্যের প্রতি সম্মানের দিন

বৈচিত্র্যই একটি দেশের সৌন্দর্য। সেই বৈচিত্র্যের অন্যতম ধারক আদিবাসী জনগোষ্ঠী। তাদের অধিকার, মর্যাদা, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি সম্মান জানিয়ে প্রতিবছর ৯ আগস্ট পালিত হয় আন্তর্জাতিক আদিবাসী দিবস। বাংলাদেশের পাহাড় ও সমতলে চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, গারো, ওরাও, মণিপুরীসহ ৫০টিরও বেশি আদিবাসী জনগোষ্ঠী বসবাস করে। তাদের নিজস্ব ভাষা, পোশাক, গান, নৃত্য, খাদ্যাভ্যাস ও জীবনধারা দেশের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ।

তবে ভূমি অধিকার, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান ও অর্থনৈতিক বৈষম্য এখনো তাদের বড় চ্যালেঞ্জ। তাই এই দিবস হোক অধিকার ও সমান সুযোগ নিশ্চিত করার অঙ্গীকারের দিন। আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সম্মিলিত উদ্যোগই পারে বৈচিত্র্যময় বাংলাদেশকে আরও সমৃদ্ধ করতে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন