Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:১০ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৮, ২০২৬ , ৩:২০ অপরাহ্ণ

দেবিদ্বারে আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন, অভিযোগ অস্বীকার করে রাজনৈতিক ষড়যন্ত্রের দাবি

লেখকঃ কুমিল্লা জেলা প্রতিনিধি

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১নম্বর বড়শালঘর ইউনিয়নের ছোটশালঘর এলাকায় আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব আলম হাজারীর বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ছোটশালঘর এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা সাম্প্রতিক আওয়ামী লীগের স্লোগান দেওয়ার ঘটনার সঙ্গে আলম হাজারী জড়িত বলে অভিযোগ তুলে তাকে নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তারের দাবি জানান।

তবে উপস্থিত কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি, মানববন্ধনে বক্তব্য দেওয়া ইদ্রিস সরকার ও মাহবুব তাদের অভিযোগের পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি।

এদিকে স্থানীয়দের একটি অংশের দাবি, আলম হাজারী দীর্ঘদিন ধরে এলাকায় পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনৈতিক ব্যক্তি হিসেবে পরিচিত। তাঁদের ভাষ্য, আসন্ন স্থানীয় নির্বাচনকে সামনে রেখে তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন এবং সম্ভাব্য শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে দুর্বল করার উদ্দেশ্যেই এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে বড়শালঘর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আলম হাজারী বলেন, “ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে আওয়ামী লীগের স্লোগান দেওয়ার পরপরই বিষয়টি গোয়েন্দা সংস্থাসহ আইন প্রয়োগকারী সকল সংস্থাকে আমি অবগত করি। এ বিষয়ে আমার বিন্দুমাত্র কোনো যোগসাজশ নেই। আমি বর্তমানে বিএনপির একজন সক্রিয় কর্মী। আগামী নির্বাচনে আমি প্রার্থী। আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই ১০ থেকে ১৫ জন লোক রাস্তায় এসে মানববন্ধন করেছে। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।”

এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক সানজিদা সুলতানা দেবিদ্বার থানায় এসে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযুক্ত সাদ্দামের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ একাধিক স্থানে অভিযান পরিচালনা করেছে। আশা করছি, খুব শিগগিরই তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে।”
ঘটনাটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলমান রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন