রাজধানীর তিন স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ | Daily AjKaler Kontho

রাজধানীর তিন স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : অগাস্ট ৪, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন
রাজধানীর তিন স্থানে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর পৃথক তিনটি স্থানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ছাত্রদলের এক নেতাসহ বেশ কয়েকজন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে রাজধানীর ঢাকা শিক্ষা বোর্ড, সরকারি আলিয়া মাদ্রাসা ও অন্যান্য এলাকাগুলোতে এসব ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে চকবাজার এলাকার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও লালবাগ থানা ছাত্রদলের সদস্য সচিব নেছারুদ্দীন রাব্বির (২৬) ওপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।

আহত নেছারুদ্দীন রাব্বি জানান, আমরা ২-৩ জন শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করছিলাম। এ সময় হঠাৎ কয়েকজন এসে আমাদের ওপর হামলা চালায়।

একই সময়ে রাজধানীর চকবাজারস্থ সরকারি আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদল নেতা মো. সানাউল্লাহ (৩০)। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এছাড়া এসব পৃথক সংঘর্ষের ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী প্রভা (২৩) ও ধ্রুব (২২) এবং ঢাকা কলেজের শিক্ষার্থী তাওহীদ (২৫) আহত হয়েছেন। তারাও ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

আজকালের কন্ঠ/আর বি