Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৪, ২০২৬ , ১২:৫৪ অপরাহ্ণ

রক্তাক্ত ৪ আগস্টের বিচার কবে? প্রশ্নে স্বজন ও লক্ষ্মীপুরবাসীর

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ২০২৪ সালের ৪ আগস্ট লক্ষ্মীপুর শহরে সংঘটিত রক্তাক্ত হামলায় চার শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার দুই বছর পূর্ণ হয়েছে। কিন্তু আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার এখনো শেষ হয়নি। সময়ের সঙ্গে ক্যালেন্ডারের পাতা বদলালেও নিহতদের স্বজনদের চোখের জল শুকায়নি। তাদের একটাই প্রশ্ন—রক্তাক্ত ৪ আগস্টের বিচার কবে?

সেদিন লক্ষ্মীপুর শহরের বিভিন্ন স্থানে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষের ওপর হামলা, গুলিবর্ষণ ও সংঘর্ষের ঘটনায় নিহত হন সাদ আল আফনান, সাব্বির হোসেন, কাউছার হোসেন বিজয় ও ওসমান গনি। ওই ঘটনায় শতাধিক মানুষ আহত হন, যাদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ ছিলেন। রক্তাক্ত সেই দিনটি আজও লক্ষ্মীপুরবাসীর স্মৃতিতে বেদনাদায়ক অধ্যায় হয়ে রয়েছে।

ঘটনার পর পৃথক হত্যা মামলাসহ একাধিক মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখের পাশাপাশি বিপুলসংখ্যক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়। তদন্তের অংশ হিসেবে কয়েকজনকে গ্রেপ্তার করে রিমান্ডেও নেওয়া হলেও দীর্ঘ দুই বছরেও মামলাগুলোর বিচারিক কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়নি।

নিহতদের পরিবারের সদস্যরা অভিযোগ করেন, প্রিয়জন হারানোর শোকের সঙ্গে এখন যোগ হয়েছে বিচার না পাওয়ার বেদনা। তাদের দাবি, রাজনৈতিক পটপরিবর্তনের পরও মামলার তদন্ত ও বিচার প্রত্যাশিত গতিতে এগোয়নি। দ্রুত তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল, বিচারিক কার্যক্রম সম্পন্ন এবং দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

এদিকে, ২০২৫ সালে ৪ আগস্টের ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একটি মামলার কার্যক্রম শুরু হয় এবং সংশ্লিষ্ট কয়েকজন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। তবে চার শিক্ষার্থী নিহতের ঘটনায় বিচারিক প্রক্রিয়া এখনো সম্পন্ন হয়নি।

আইনজীবীদের মতে, বহুল আলোচিত ও জনস্বার্থসংশ্লিষ্ট মামলার বিচার দীর্ঘায়িত হলে ভুক্তভোগী পরিবারগুলোর হতাশা বাড়ে এবং বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই দ্রুত তদন্ত সম্পন্ন করে বিচার কার্যক্রম এগিয়ে নেওয়া সময়ের দাবি।

দুই বছর পরও ৪ আগস্টের সেই রক্তাক্ত দিনের স্মৃতি বহন করে চলেছেন নিহতদের স্বজন, সহপাঠী ও লক্ষ্মীপুরবাসী। তাদের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দ্রুত বিচার নিশ্চিত করা হবে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন