মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়নের রামারপোল এলাকায় গাঁজাসহ আটক এক মাদক ব্যবসায়ীকে পরবর্তীতে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল আলী (২৫) নামের এক যুবককে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক করেন এলাকাবাসী। পরে তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়।
ভাইরাল ভিডিওর বিষয়ে খোঁজ নিতে গেলে স্থানীয় বাসিন্দারা জানান, কিছু সময় পর ওই যুবককে ছেড়ে দেওয়া হয়েছে। তবে কে বা কারা তাকে ছেড়ে দিয়েছে, সে বিষয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা দাবি করেন, আলী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। তাদের অভিযোগ, তার পেছনে প্রভাবশালী মাদক কারবারিদের একটি চক্র সক্রিয় রয়েছে।
এলাকাবাসীর দাবি, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত মূল হোতাদেরও শনাক্ত করা সম্ভব হবে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আলীর পিতার নাম মজিবর সরদার। তাদের বাড়ি কয়ারিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় চর কয়ারিয়া এলাকায়, ময়দান বাসস্ট্যান্ড সংলগ্ন স্থানে।
এলাকাবাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং কয়ারিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি