Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:১৬ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ৩, ২০২৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ

বাঙ্গরা বাজারে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৪

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন গাজীপুর এলাকায় অভিযান চালিয়ে ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নারীসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১ আগস্ট) বিকেলে বাঙ্গরা বাজার থানার একটি দল ২ নম্বর আকুবপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের আবুল হাশেম সরকার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মাসুদ পারভেজ মিঠু (৩৪) ও শাহাদাত হোসেন (৩২) নামে দুইজনকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক দুইজনকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ একই বাড়িতে পুনরায় অভিযান চালিয়ে মো. আতিক হোসেন (৩০) ও নাছিমা আক্তারকে (৬০) আটক করে। এ সময় আতিক হোসেনের কাছ থেকে ৩৪৩ পিস এবং নাছিমা আক্তারের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এর আগে উদ্ধার হওয়া ১০ পিসসহ মোট ৯৫৩ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— বাঙ্গরা বাজার থানার জিনোদপুর এলাকার মাসুদ পারভেজ মিঠু, গাজীপুর গ্রামের মো. আতিক হোসেন ও নাছিমা আক্তার এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ফতেহপুর এলাকার শাহাদাত হোসেন।

এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্ত চলছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং মাদকের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন