কুমিল্লার হোমনায় মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের সঙ্গে বিরক্তিকর আচরণ করার দায়ে সজিবুর রহমান (২২) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার উপজেলার চরেরগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত সজিবুর রহমান উপজেলার চরেরগাঁও গ্রামের মোক্তারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তিনি মাদক সেবন করে নেশাগ্রস্ত অবস্থায় এলাকায় লোকজনকে বিরক্ত করতেন। এছাড়া বিভিন্ন জিনিসপত্র বিক্রি করে সেই টাকায় মাদক সেবন করতেন। এ অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহমেদ মোফাচ্ছের।
আজকালের কন্ঠ/আর বি