গোলাপগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার দত্তরাইল এলাকার ঢাকাদক্ষিণ বালিকা উচ্চ বিদ্যালয়ের গেটসংলগ্ন মুন্না মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর গ্রামের মাতাব মিয়ার ছেলে কয়েছ আহমদ (৩০), দত্তরাইল এলাকার মকসু মিয়ার ছেলে মুন্না আহমদ (৩৩) এবং গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে আব্দুল কাদের জিলানী (২৭)।
পুলিশ সূত্রে জানা যায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গোলাপগঞ্জ মডেল থানার এসআই উসমান গণির নেতৃত্বে এএসআই ছায়েদুর রহমান ও সঙ্গীয় পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছবেদ আলী জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি