Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৬:৩৪ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ আগস্ট ১, ২০২৬ , ১:১১ অপরাহ্ণ

নওগাঁর দিবরে চোলাই মদের কারখানায় পুলিশের অভিযান, বিপুল পরিমাণ মদ ও উপকরণ জব্দ

লেখকঃ আব্দুল্লাহ আল মাহীদ, নওগাঁ

নওগাঁর পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান চালিয়ে প্রায় ৫০০ লিটারের বেশি চোলাই মদ ও চোলাই মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ সময় চোলাই মদ তৈরির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের কাছে দিবর ইউনিয়নের বিভিন্ন এলাকায় চোলাই মদ উৎপাদন ও বিক্রির বিষয়ে তথ্য আসে। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ সুপারের নির্দেশনায় শুক্রবার ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দিবর গ্রামের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে প্রায় ৫০০ লিটারের অধিক চোলাই মদ ও চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। একই সঙ্গে চোলাই মদ তৈরির অভিযোগে মিলন হেমব্রম (২৭) ও প্রদীপ হেমব্রম (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই মৃত বিশ্বনাথ হেমব্রমের ছেলে এবং দিবর পূর্বপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ আরও জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দ করা চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন