গলাচিপা সদর ইউনিয়নের অক্ষারাম ব্রিজে দুই মাথার রাস্তার কাজে অনিয়মের অভিযোগ তুলে বক্তব্য নিতে গলাচিপা উপজেলা এলজিইডি প্রকৌশলী হাবিবুর রহমানের কার্যালয়ে গিয়েছিলেন স্থানীয় সাংবাদিকরা। উদ্দেশ্য ছিল সহজ—জনস্বার্থের সংবাদের সত্যতা যাচাই ও প্রকৌশলীর মন্তব্য নেওয়া।
কিন্তু ঘটনা অন্যদিকে মোড় নেয়! বক্তব্যের বদলে সামনে আসে ক্ষমতার দম্ভ। প্রকৌশলীকে ‘ভাই’ সম্বোধন করায় ওই অফিসের হিসাব রক্ষক ফরিদ মিয়া হঠাৎ তার কক্ষে প্রবেশ করে সাংবাদিকদের রীতিমতো ধমক দিয়ে ওঠেন। তার দাবি— “স্যার ডাকবেন, ভাই ডাকছেন কেন?”
ভাই সম্বোধন কি কোনো অপরাধ? যেখানে সাধারণ মানুষকে সেবা দেওয়া সরকারি কর্মকর্তাদের মূল দায়িত্ব, সেখানে সংবাদের স্বার্থে আসা সাংবাদিকদের সাথে এমন আচরণ কিসের ইঙ্গিত দেয়?
রাস্তার কাজের অনিয়ম ঢাকা দিতেই কি এমন ধমকাধমকি, নাকি এলজিইডি অফিসে সাধারণ শিষ্টাচারের চেয়ে ‘স্যার’ ডাকের মোহটাই বড়? জনস্বার্থের সংবাদের উত্তর না দিয়ে পদবির বাহাদুরি দেখানো কোনো দায়িত্বশীল আচরণের মধ্যে পড়ে না।
স্থানীয় সাংবাদিকগণ সঠিক তদন্তের মাধ্যমে অক্ষারাম ব্রিজের রাস্তার কাজের অনিয়মের নিরপেক্ষ সমাধান চেয়েছেন পাশাপাশি সরকারি কার্যালয়ে সাংবাদিকদের সাথে এমন অপেশাদার আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
আজকালের কন্ঠ/আর বি