পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জলিলুর রহমান বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত থাকলেও তিনি শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। সম্প্রতি এক শিক্ষার্থীর সঙ্গে তার আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। এর আগে বিভিন্ন সময়েও তার বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ উঠেছিল বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন জানান, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ ওঠার পর গত সোমবার চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদন পাওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িকভাবে বরখাস্তের করা হয়েছে। তদন্তের চূড়ান্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট শিক্ষার্থীকে শৃঙ্খলাজনিত কারণে প্রায় তিন মাস আগে বিদ্যালয় থেকে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়েছিল। তবে বর্তমান ঘটনাটি পৃথকভাবে তদন্ত করা হচ্ছে।