কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন মাদক কারবারি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে এসআই ফেরদৌস রনী, এসআই রিয়াজুল মোস্তফা, এএসআই মো. আল আমিনসহ পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। দুপুর আড়াইটার দিকে তারা আন্দিকুট ইউনিয়নের হায়দরাবাদ এলাকার একটি গোয়ালঘরে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত এক ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি কসটেপে মোড়ানো মোট ১০টি পুটলা উদ্ধার করা হয়। প্রতিটি পুটলায় ২ কেজি করে মোট ২০ কেজি গাঁজা জব্দ করা হয়।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। পলাতক মাদক কারবারিকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।