Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ৩০, ২০২৬ , ৬:৩০ অপরাহ্ণ

আবারও গোলাপগঞ্জে যাব দেখি এই সরকারের কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম

লেখকঃ ছাইম ইবনে আব্বাস, সিলেট প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর গাড়িবহর লক্ষ্য করে ঢিল নিক্ষেপের ঘটনার পরও কর্মসূচি থেকে সরে না যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, গোলাপগঞ্জে পুনরায় গিয়ে কর্মসূচি পালন করা হবে এবং জনগণের অধিকার, রাষ্ট্র সংস্কার ও ন্যায়বিচারের দাবিতে দলের কার্যক্রম চলমান থাকবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় ছাত্রশক্তির বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে দেশের ছাত্রসমাজ, গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং সামাজিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। তার ভাষ্য, সাম্প্রতিক সময়ে হবিগঞ্জ ও গোলাপগঞ্জে ঘটে যাওয়া ঘটনাগুলো উদ্বেগজনক এবং দেশে আবারও ভীতিকর রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা চলছে। সরকার যদি সন্ত্রাসকে প্রশ্রয় দেয়, তবে জনগণ গণতান্ত্রিক উপায়ে তার প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে একই দিন দুপুর আড়াইটার দিকে গোলাপগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এনসিপির গাড়িবহরকে লক্ষ্য করে ঢিল ছোড়ার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। এতে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ব্যবহৃত গাড়ির সামনের গ্লাস ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

ঘটনার বিষয়ে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, একটি গাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় পাশ থেকে ছোড়া ঢিলে গাড়ির গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে এটিকে পরিকল্পিত বা সংঘবদ্ধ গাড়িবহরে হামলা হিসেবে দেখার সুযোগ নেই। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের তথ্যও পুলিশের কাছে আসেনি বলে তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে দলটির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজন নেতাকর্মী আহত হন এবং একাধিক গাড়ি ভাঙচুরের শিকার হয়। এ ঘটনায় এনসিপি ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছিল।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন