জুলাই–আগস্ট আন্দোলনে ভোলা জেলা ছাত্রদলের আওতাধীন বোরহানউদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলার শহীদদের কবর জিয়ারত, তাঁদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধিদল ও ভোলা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
মঙ্গলবার (২৯ জুলাই ২০২৬) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নেতৃবৃন্দ শহীদদের কবর জিয়ারত করেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের খোঁজখবর নেন এবং সমবেদনা প্রকাশ করেন। এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো উপহারসামগ্রী পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল সরকার, এস. এম. হাসান মাহমুদ রিপন এবং হায়াত মাহমুদ জুয়েল।
এছাড়াও উপস্থিত ছিলেন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আবদুল আল রাসেল, সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেল, সাংগঠনিক সম্পাদক আসিফ আফসান, ভোলা সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত শাকিলসহ ভোলা জেলার বিভিন্ন উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যাঁরা আত্মত্যাগ করেছেন, তাঁদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও থাকবে বলেও তাঁরা আশ্বাস দেন।
আজকালের কন্ঠ/আর বি