পটুয়াখালীর গলাচিপায় দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে অনলাইন জুয়া। তরুণ ও যুবসমাজকে এই সামাজিক ব্যাধি থেকে রক্ষা করতে এবং সচেতনতা বাড়াতে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত হয় এক বিশেষ সেমিনার। উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবনের হল রুমে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজার মোঃ ইজাজুল হোক।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ”অনলাইন জুয়ার কারণে আজ বহু পরিবার ধ্বংস হয়ে গেছে, নিঃস্ব হয়েছে অনেক মানুষ। মসজিদে নামাজ পড়তে গেলে ইমাম সাহেব যেভাবে আমাদের নসিহত করেন, ঠিক সেভাবেই অনলাইন জুয়ার সাথে জড়িতদের বোঝাতে হবে। সবাইকে সচেতন করে সমাজ থেকে এই অনলাইন জুয়া চিরতরে শেষ করতে হবে।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইখতিয়ার রহমান কবির, প্রতিমন্ত্রী নুরুল হক নুরের প্রতিনিধি আবু নাঈম এবং জেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি মহিবুল্লাহ এনিম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা গণঅধিকার পরিষদের সভাপতি মোঃ হাফিজুর রহমান, স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ এবং বিএনপি ও গণঅধিকার পরিষদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা।
বক্তারা অনলাইন জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে কঠোর প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
আজকালের কন্ঠ/আর বি