Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৮ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৮, ২০২৬ , ১১:৩৬ পূর্বাহ্ণ

পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ উদ্বোধন

লেখকঃ কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়নের মাধ্যমে একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পতনউষার আলোর পথ ইসলামি ছাত্র সংগঠন-এর উদ্যোগে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই ২০২৬) সকাল ১১টায় মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরবর্তীতে পতনউষার ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা, মসজিদ ও কবরস্থানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব অলি আহমদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা তোয়াবুর রহমান তবারক এবং মাইজগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস খান।

এছাড়াও উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল মুহিদ, বিশিষ্ট সমাজসেবক সোহেল আহমদ, আব্দুল আহাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, কার্যকরী কমিটির দায়িত্বশীল, সদস্যবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় সুধীজন।

কর্মসূচির আওতায় আম, জাম, পেয়ারা, হরিতকী, আমলকীসহ বিভিন্ন প্রজাতির ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এসব চারা নিয়মিত পরিচর্যার মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এহিয়া আহমদ রাফি বলেন, “আমাদের সংগঠনের মূলমন্ত্র ‘সেবাই আমাদের শক্তি, মানবতাই আমাদের পরিচয়’। প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবসেবা, শিক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। ‘গাছ লাগাই, জীবন বাঁচাই—মানবতার দায়িত্ব পালন করি সবাই’ এই স্লোগানকে সামনে রেখে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’-এর আয়োজন করা হয়েছে। একটি গাছ শুধু পরিবেশকে সবুজ করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার অন্যতম ভিত্তি। তাই প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার দায়িত্ব গ্রহণের আহ্বান জানাই। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বর্তমান প্রেক্ষাপটে বৃক্ষরোপণ সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক দায়িত্ব। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সম্মিলিত অংশগ্রহণ দেশের পরিবেশ রক্ষা ও সবুজায়ন সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখতে পারে।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “গাছ লাগাই, জীবন বাঁচাই—মানবতার দায়িত্ব পালন করি সবাই” এই স্লোগানকে ধারণ করে পর্যায়ক্রমে পতনউষার ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান ও জনসাধারণের গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেছে ঈগল নার্সারি এন্ড ফ্লাওয়ার গার্ডেন। পরিবেশবান্ধব এ মহতী উদ্যোগে সহযোগিতার জন্য সংগঠনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন