নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর | Daily AjKaler Kontho

নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর


কাজী ইমরান, নড়াইল প্রতিনিধি প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন
নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে প্রাণ গেল গরু ব্যবসায়ীর। নড়াইল শহরে সেতুর নিয়ন্ত্রণ বারে ধাক্কা লেগে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে মনির কাজী (৪৮) নামে এক গরু ব্যবসায়ি নিহত হয়েছেন। এ ঘটনায় মিলন খান নামে আরেক ব্যবসায়ী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের প্রবেশমুখ চিত্রা নদীর ওপর চিত্রা সেতুর প্রবেশমুখে এ দুর্ঘটনাটি ঘটে।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের রুকন কাজীর ছেলে। আহত মিলন খান একই উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের রাজ্জাক খানের ছেলে।

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গরু ব্যবসায়ী মনির কাজী লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কোলা গ্রামের নিজ বাড়ি থেকে নসিমনের উপর দাঁড়িয়ে যশোরের ভাংগুড়া গরু হাটে যাচ্ছিলেন। দুপুর ১২টার দিকে নড়াইল শহরতলী সীমাখালী এলাকায় নসিমনটি চিত্রা সেতুতে উঠার সময় সেতুতে দেয়া বারে বারে (বড় গাড়ি নিয়ন্ত্রণে লোহার রেলিং) মাথায় ধাক্কা লেগে নসিমন থেকে ছিটকে পড়েন মনির এবং মিলন। এসময় স্থানীয়রা তাদের আহত অবস্থায় উদ্ধার করে জেলা হাসাপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মনিরকে মৃত ঘোষণা করেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু বলেন, আমরা খবর শুনে সাথে সাথে ঘটনা স্থানে গিয়েছি। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি