বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক | Daily AjKaler Kontho

বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক


নিজস্ব প্রতিবেদক প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৬, ৫:১৩ অপরাহ্ন
বাংলা কিউআরের প্রচারে সোনালী ব্যাংক

এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলা কিউআরের মাধ্যমে ডিজিটাল লেনদেন কার্যক্রম সম্প্রসারণে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি।

দেশব্যাপী প্রচারের অংশ হিসেবে সোমবার ২৭ জুলাই রাজধানীর মতিঝিল ও দিলকুশা এলাকায় এ প্রচার কার্যক্রমে অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. শওকত আলী খান। এ সময় ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর খান ইকবাল হোসেন, মো. আবু সাঈদ, মো. রেজাউল করিম ও মো. রফিকুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও আন্তঃপরিচালনযোগ্য করতে চালু হয়েছে অভিন্ন কিউআরভিত্তিক পেমেন্ট ব্যবস্থা বাংলা কিউআর। এর মাধ্যমে দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানের গ্রাহকরা একটি মাত্র কিউআর কোড স্ক্যান করেই সহজে মূল্য পরিশোধ করতে পারবেন। জনসাধারণকে এ বিষয়ে সচেতন ও আগ্রহী করে তুলতে দেশব্যাপী প্রচার কার্যক্রম চালাচ্ছে সোনালী ব্যাংক পিএলসি।

আজকালের কন্ঠ/আর বি