বন্যাপরবর্তী সংকট কাটিয়ে উঠতে নেত্রকোণার কলমাকান্দায় ক্ষতিগ্রস্ত প্রান্তিক কৃষকদের মাঝে গোখাদ্য ও দেশি বীজধান বিতরণ করেছে প্রাকৃতিক কৃষক, গবেষক, উদ্যোক্তা ও ভোক্তাদের সংগঠন প্রাকৃতিক কৃষক সমাজ।
রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার বড়খাপন ইউনিয়নের উদয়পুর বাজারে আয়োজিত ৩০ জন কৃষকের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়।
সংগঠনের ত্রাণ সহায়তা কার্যক্রমের সমন্বয়কারী হাসান মেহেদী জানান, বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকদের দ্রুত ঘুরে দাঁড়াতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সংগ্রহ করা গোখাদ্য ও দেশি বীজধান বিতরণ করা হচ্ছে।
সহায়তার আওতায় প্রতিটি কৃষক পরিবারকে মোটা লবণ, নালি গুড়, গমের চিকন ভুষি, ১৭ ধরনের ফসলের ভুষি ও খোসার সমন্বয়ে তৈরি মিশ্র ভুষি এবং পরিবহন খরচ বাবদ ১০০ টাকা দেওয়া হয়।
পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী চামারা, বোরণ, দুলাই ও সুগন্ধি তুলসীমালা জাতের দেশি বীজধান বিতরণ করা হয়।
স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় মাঠপর্যায়ে এ কার্যক্রম পরিচালিত হয়। সংগঠনটি জানায়, নেত্রকোণার হাওড়াঞ্চলের পাশাপাশি চট্টগ্রাম ও মৌলভীবাজারের বন্যাকবলিত এলাকাসহ দেশের অন্যান্য ক্ষতিগ্রস্ত অঞ্চলেও পর্যায়ক্রমে এ সহায়তা কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
আজকালের কন্ঠ/আর বি