পটুয়াখালীর দুমকি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৮টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দকৃত জাল উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রবিবার সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালী ও চরবয়েড়া এবং মুরাদিয়া ইউনিয়নের দক্ষিণ মুরাদিয়া ও মজুমদার বাড়ি এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে অংশ নেন ফিল্ড অফিসার মো. সাইফুল ইসলাম এবং দুমকি থানা পুলিশের একটি দল।
মৎস্য বিভাগ জানায়, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহারের ফলে ছোট মাছ ও মাছের পোনা নির্বিচারে নিধন হওয়ায় প্রাকৃতিক প্রজনন ব্যাহত হয় এবং জলাশয়ের জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এ কারণে জব্দকৃত জাল তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়েছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজুর রহমান বলেন, নদী-খাল ও উন্মুক্ত জলাশয়ে অবৈধ জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ খায়রুল ইসলাম বলেন, নিষিদ্ধ জাল ব্যবহারকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থান রয়েছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি মাছের উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় স্থানীয়দের সচেতন হয়ে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
আজকালের কন্ঠ/আর বি