Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৬ , ১০:৩৮ পূর্বাহ্ণ

সাবেক এমপি শিউলি আজাদ জামিনে মুক্ত

লেখকঃ মোঃ ইসমাইল, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) জামিনে মুক্তি পেয়েছেন। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগার থেকে মুক্তি পান। তবে বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) জানাজানি হয়।

উম্মে ফাতেমা নাজমা বেগম সরাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একই উপজেলার জ্যেষ্ঠ সহ-সভাপতি প্রয়াত এ কে এম ইকবাল আজাদের সহধর্মিণী।

২০২৪ সালের ৩ সেপ্টেম্বর সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলায় সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরীসহ ৬৭ জন নেতা-কর্মীকে আসামি করা হয়, যেখানে শিউলি আজাদ ৪ নম্বর আসামি।

মামলা দায়েরের পর ২০২৪ সালের ৬ অক্টোবর রাতে ঢাকার নিকেতনের বাসভবন থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাঁকে সরাইল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দায়েরকৃত বিভিন্ন মামলায়ও তাঁকে গ্রেপ্তার দেখানো (শোন অ্যারেস্ট) হয়েছিল।

সাবেক এই নারী সংসদ সদস্যের আইনজীবী জয়নাল উদ্দিন জানান, হয়রানি, নতুন করে কোনো মামলায় জড়ানো কিংবা আগাম গ্রেপ্তার থেকে সুরক্ষা চেয়ে উচ্চ আদালতে একটি রিট আবেদন করা হয়েছিল। শুনানি শেষে উচ্চ আদালত সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন এবং আবেদনকারীকে সব ধরণের হয়রানি ও আগাম গ্রেপ্তার থেকে বিরত থাকার নির্দেশ দেন।

জামিনে মুক্তির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের তত্ত্বাবধায়ক মো. মজিবুর রহমান মজুমদার জানান, আদালতের জামিন সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার রাতেই তাঁকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।

প্রিন্ট করুন