Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১০:২৭ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৪, ২০২৬ , ৯:৫৫ পূর্বাহ্ণ

ধর্মমন্ত্রী কায়কোবাদের হিপ রিপ্লেসমেন্ট শুক্রবার, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন

লেখকঃ কাজী শরীফ, কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

অসুস্থতাজনিত কারণে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বর্ষীয়ান রাজনীতিবিদ কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি। দীর্ঘদিন ধরে কোমর এর সমস্যায় ভুগছেন তিনি। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, শুক্রবার (২৪ জুলাই) তার হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন ধর্মমন্ত্রী কায়কোবাদ। সংশ্লিষ্ট সূত্র জানায়, হাসপাতালের চিকিৎসক দারেন তাই ক্যেং জিনের নেতৃত্বে তার অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১২টার দিকে অস্ত্রোপচারটি হওয়ার কথা রয়েছে।

অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়া এবং দ্রুত সুস্থতার জন্য দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। একই সঙ্গে তার পরিবারের পক্ষ থেকেও ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

এদিকে ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান দেশের সর্বস্তরের আলেম-উলামা, তৌহিদী জনতা ও দেশবাসীর প্রতি এ আহ্বান জানান।

এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, ধর্মমন্ত্রী কায়কোবাদ একজন দীনদার, দেশপ্রেমিক ও মানবহিতৈষী রাজনৈতিক ব্যক্তি। বর্তমানে তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। মহান আল্লাহর দরবারে দোয়া করছি, তিনি যেন ধর্মমন্ত্রীকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন এবং সুস্থ অবস্থায় দেশ ও জনগণের সেবায় ফিরে আসার তাওফিক দান করেন।

এদিকে ধর্মমন্ত্রীর দ্রুত রোগমুক্তি কামনায় বৃহস্পতিবার বাদ আসর জামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসা মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আইয়ুব বাবুনগরীসহ বিশিষ্ট উলামায়ে কেরাম, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

এছাড়া ধর্মমন্ত্রী কায়কোবাদের দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় দেশের বিভিন্ন মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। দারুল উলুম হাটহাজারী মাদরাসা, জামিয়া ওবায়দিয়া নানুপুর, জামিয়া আরাবিয়া জিরি, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকাম আল-ইসলামিয়া, জামিয়া ইউনুছিয়া এবং কুমিল্লা আশরাফুল উলুম মাদরাসায় এসব দোয়া অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে এসব তথ্য জানান।

উল্লেখ্য, কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ কুমিল্লার মুরাদনগর আসন থেকে ছয়বার নির্বাচিত সংসদ সদস্য। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন