Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ১২:৪২ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২৩, ২০২৬ , ২:০৩ অপরাহ্ণ

রামগতিতে বাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু বিক্রি, ধসের ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বেড়িবাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা আব্বাস উদ্দিনের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে নির্বিচারে বালু উত্তোলনের ফলে বেড়িবাঁধটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বিস্তীর্ণ এলাকা নদীভাঙনের ঝুঁকিতে পড়তে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, সরকারি বিধি-বিধান উপেক্ষা করে আব্বাস উদ্দিন দীর্ঘদিন ধরে বাঁধসংলগ্ন এলাকা থেকে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। এতে বাঁধের স্থায়িত্ব মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুমতি নিয়েই তিনি বালু বিক্রি করছেন।

তবে এ অভিযোগ ও দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন উদ্দিন। তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ থেকে কাউকে বাঁধের পাশ থেকে বালু উত্তোলন বা বিক্রির কোনো অনুমতি দেওয়া হয়নি। আমার নাম ব্যবহার করে কেউ এ ধরনের কাজ করলে তার দায়ভার সম্পূর্ণ তার নিজের।”

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, সরকারি নিয়ম অনুযায়ী বেড়িবাঁধের ক্ষতি করে বা অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা দ্রুত অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের আশঙ্কা, সময়মতো ব্যবস্থা না নিলে যেকোনো সময় বাঁধ ধসে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও নদীভাঙনের ঘটনা ঘটতে পারে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন