কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২৩ জুলাই সকাল সাড়ে ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। প্রথমে কুমিল্লা মডার্ন হাসপাতালে চিকিৎসা নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। বুধবার রাতে তাঁর অস্ত্রোপচার সম্পন্ন হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার সকালে তিনি মৃত্যুবরণ করেন।
মোহাম্মদ সাইফুল মালিক ৩৪তম বিসিএস (পুলিশ) ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। তাঁর বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি বীর মুক্তিযোদ্ধা আবুল কালামের সন্তান। ১৯৮১ সালে জন্মগ্রহণকারী সাইফুল মালিক ২০০৫ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ২৮তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং ২০১৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি একজন সৎ, দক্ষ, মানবিক ও কর্তব্যনিষ্ঠ পুলিশ কর্মকর্তা হিসেবে সুনাম অর্জন করেন। পেশাগত দক্ষতা, সততা ও দায়িত্বশীলতার পাশাপাশি তাঁর বিনয়ী, মৃদুভাষী ও আন্তরিক আচরণ সহকর্মী এবং সাধারণ মানুষের কাছে তাঁকে একজন শ্রদ্ধেয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তান, আত্মীয়-স্বজন, সহকর্মী এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে কুমিল্লা জেলা পুলিশে শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম এক শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আজকালের কন্ঠ/আর বি