নেত্রকোণায় পরিবেশ বিপর্যয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা, আলোচনা সভা এবং পরিবেশ সংরক্ষণবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম।
বুধবার সকালে শহরের কাটলী এলাকায় বেসরকারি উন্নয়ন সংস্থা নারী প্রগতির কার্যালয় প্রাঙ্গণে জেলা জনউদ্যোগের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
জেলা জনউদ্যোগের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাংবাদিক শ্যামলেন্দু পাল, উন্নয়নকর্মী মৃণাল কান্তি চক্রবর্তী, কল্পনা ঘোষ, নারী উদ্যোক্তা লিজা আক্তার, তাহমিদা ইসলামসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা পরিবেশ রক্ষায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত বক্তৃতা ও আলোচনায় জেলার নদী-নালা ও জলাশয়ে প্লাস্টিক ও অন্যান্য বর্জ্য না ফেলা, অপ্রয়োজনে যানবাহনের হর্ন ব্যবহার করে শব্দদূষণ সৃষ্টি না করা এবং বেশি বেশি গাছ লাগিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।
অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজকরা জানান, পরিবেশ রক্ষায় জনসচেতনতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
আজকালের কন্ঠ/আর বি