জুলাই গণহত্যার বিচার ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে এই কর্মসূচিতে জুলাই আন্দোলনের অংশীজনেরা অংশগ্রহণ করেন।
বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে এই বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে পৌঁছায়। পরে সেখানে বিক্ষোভ মিছিল পরবর্তী এক সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হয়।
এসময় বিক্ষোভ মিছিলে, “জুলাই নিয়ে তাল-বাহানা, মানি না মানব না,”
“জুলাইয়ের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার,”
“জুলাই সনদ বাস্তবায়ন, দ্রুত করো, করতে হবে,”
“কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার,”
“যে হবি স্বৈরাচার, তাকে বলব বাংলা ছাড়,”
“ইসলামী ছাত্রশিবির, জিন্দাবাদ জিন্দাবাদ,”
“ষড়যন্ত্র করিস না, গদি কিন্তু থাকবে না,”
“লীগ ধর, জেলে ভর,”
“দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা,”
“নারায়ে তাকবীর, আল্লাহু আকবার,”
“ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই,”
“রশি লাগলে রশি নে, হাসিনার ফাঁসি দে,”
“বিচার বিচার বিচার চাই, গনহত্যার বিচার চাই'”
“এই দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ,”
“রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়। শ্লোগান দিতে দেখা যায়।”
বিক্ষোভ মিছিল শেষে শাখা সভাপতি ইউসুফ আলী বলেন, “আমাদের মাঝে জুলাই এসেছিল একটি ফ্যাসিবাদী ব্যবস্থাকে মূলোৎপাটন করার জন্য কিন্তু আমরা দেখেছি সেই ফ্যাসিবাদী ব্যবস্থা পূর্বের অবস্থায় আছে। শুধু ফ্যাসিস্টদের পরিবর্তন হয়েছে। স্বৈরাচার খুনি হাসিনা সেভাবে দেশ পরিচালনা করেছিলো বর্তমান সরকার সেই কায়দায় দেশ পরিচালনা করছে। বর্তমান সরকার ক্ষমতায় এসেই ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। জুলাই আন্দোলনকারীরা বেঁচে থাকতে গণভোটের রায়কে বাস্তবায়ন করেই ছাড়বো।”
সরকারকে হুশিয়ারি দিয়ে বলেন, “গণভোট যদি অবৈধ হয় আপনাদের সরকার ও অবৈধ সরকার। আমরা আমাদের জুলাই শহীদ ভাইদের কথা এখনও ভুলি নাই। আমাদের প্রত্যাশা ছিল এই বাংলাদেশ সবার হবে, স্বৈরাচার মুক্ত হবে। আপনারা খুনি হাসিনার পথে হাঁটলে ভারত পালানোর প্রস্তুতি নিন অথবা এই পথ থেকে ফিরে আসুন।”
তিনি আরও বলেন, “এই সরকার আওয়ামী লীগের সাথে সম্পর্ক করার চেষ্টা করছে, দেশের বিভিন্ন জায়গায় তাদের অফিস খুলে দিয়েছে। অথচ আওয়ামীলীগ প্রকাশ্য গণহত্যাকারী দল। জুলাই সনদ বাস্তবায়নে পুনরায় জুলাই আন্দোলন করার আহ্বান জানিয়ে সমাবেশ সমাপ্ত করেন।”
আজকালের কন্ঠ/আর বি