নওগাঁর রাণীনগর থানাধীন গোনা গ্রামে ঘটে যাওয়া আলোচিত গরু চুরি মামলার আরও ৩ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। একই সাথে গ্রেফতারকৃত আসামির বাড়ি থেকে ৫টি চোরাই গরু উদ্ধার করা হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে নাটোর জেলা থেকে ২ জন এবং বগুড়া জেলা থেকে ১ জন আসামিকে গ্রেফতার করা হয়। অভিযানকালে নাটোর জেলার সিংড়া থানার শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদারের নিজ বাড়ি থেকে চোরাই ৫ টি গরু উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন নাটরের সিংড়া উপজেলার হাট তাজুপুর গ্রামের পতিপত চন্দ্র হালদারের ছেলে শ্রী সুজিত ওরফে অজিত চন্দ্র হালদার (৪০), নাটোরের লালোর ইউনিয়নের বাড়ইহাটি গ্রামের সুমন রাজবংশীর ছেলে শ্রী সুচন্দন রাজবংশী (২৭) এবং আদমদিঘী উপজেলার সান্তাহার কোমল দোগাছি গ্রামের মৃত আলাউদ্দিননের ছেলে মোঃ গোলাম রব্বানী ওরফে রব্বানী ওরফে রব্বানী পাখিটার (৩৯) তিনজনকে গ্রেপ্তার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃজাকারিয়া মন্ডল বলেন, গোনা গ্রামের চাঞ্চল্যকর এই গরু চুরি ঘটনার পর থেকেই অপরাধীদের সনাক্তকরণ ও চোরাই গরু উদ্ধারে তৎপর ছিল পুলিশ। তারই ধারাবাহিকতায় ভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার সহ ৫ টি গরু উদ্ধার করতে সক্ষম হয়েছি। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আজকালের কন্ঠ/আর বি