Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ১১:৫৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৬ , ৮:২০ অপরাহ্ণ

হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু

লেখকঃ নিজস্ব প্রতিবেদক

রাজধানীর জুরাইন হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আবুল কাশেম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

​আজ মঙ্গলবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আবুল কাশেমের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি ঢাকার মিরপুরের পূর্ব শেওড়াপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

​নিহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সাদিয়া নামে এক পথচারী জানান, বিকেলে জুরাইন হানিফ ফ্লাইওভারের ওপর এক বৃদ্ধকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। উপস্থিত পথচারীরা জানান, আবুল কাশেম মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের আইল্যান্ডের সঙ্গে সজোরে ধাক্কা খান। এতে তিনি মাথায় মারাত্মক আঘাত পান। ​পরবর্তীতে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাতি সোয়াত জানান, অসুস্থ বৃদ্ধা মাকে দেখতে আজ সকালে মোটরসাইকেল নিয়ে গ্রামে (শরীয়তপুর) গিয়েছিলেন তার দাদা আবুল কাশেম। সেখান থেকে ঢাকায় ফেরার পথেই তিনি এই প্রাণঘাতী দুর্ঘটনার শিকার হন।

​ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক চিকিৎসকের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ বর্তমানে ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন