Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২৬ , ৪:৫১ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২১, ২০২৬ , ১০:৩৫ পূর্বাহ্ণ

রামগঞ্জে ফাইনাল খেলা দেখতে নিষেধ করায় স্ত্রীর হাত ও পা ভাঙলেন এক পাষণ্ড স্বামী

লেখকঃ জাকির হোসেন জুয়েল, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে যেতে নিষেধ করায় স্ত্রীকে অমানুষিকভাবে মারধরের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় গৃহবধূর হাত ও পা ভেঙে যাওয়ার অভিযোগ রয়েছে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকাজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি রোববার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ব্রহ্মপাড়া ওয়াপদা টেক এলাকায় ঘটে। আহত গৃহবধূ মরিয়ম বেগম (২২) চট্টগ্রামের বাসিন্দা। প্রায় দুই বছর আগে জহিরুল ইসলামের সঙ্গে তার বিয়ে হয়। তাদের পাঁচ মাস বয়সী একটি সন্তান রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে ঘরে শিশু সন্তান রেখে ফুটবল ফাইনাল খেলা দেখতে যেতে চান জহিরুল ইসলাম। এতে স্ত্রী মরিয়ম বেগম আপত্তি জানালে ক্ষিপ্ত হয়ে তিনি লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে মরিয়ম গুরুতর আহত হন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গুরুতর আহত মরিয়ম বেগম যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং বারবার বাবাকে ডাকছেন। পাশে পড়ে রয়েছে তাদের পাঁচ মাসের শিশু সন্তান। হৃদয়বিদারক এ দৃশ্য মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়।

স্থানীয়দের দাবি, মরিয়ম দীর্ঘদিন ধরেই পারিবারিক নির্যাতনের শিকার ছিলেন। এছাড়া অভিযুক্ত জহিরুল ইসলাম মাদকসেবী ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, “এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে। পাশাপাশি অভিযুক্তকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন