Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ২:৫৬ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ২০, ২০২৬ , ১০:৪০ পূর্বাহ্ণ

সংবাদ সম্মেলনে কান্নায় ভেঙে পড়েন স্কালোনি, দিলেন দায়িত্ব ছাড়ার ইঙ্গিত

লেখকঃ স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরেছে আর্জেন্টিনা। এতে টানা দ্বিতীয়বার শিরোপা ছোঁয়া হলো না আলবিসেলেস্তেদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এক পর্যায়ে কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন কক্ষ ত্যাগ করেন তিনি। ফাইনাল হারের পর আর্জেন্টিনার দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টিনার এক সাংবাদিক স্কালোনিকে তার ভবিষ্যত নিয়ে প্রশ্ন করেন। এটাই তাকে আবেগী করে তোলে। এ সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার কিছুটা সময় প্রয়োজন সিদ্ধান্তের জন্য। তবে সুন্দর একটি গ্রুপ ছিল। সবার সঙ্গে সবার বোঝাপড়াও অসাধারণ। এই গ্রুপটি নতুন করে পাওয়া আর হয়তো হবে না।

স্কালোনি টানা দুই বিশ্বকাপে আর্জেন্টিনার কোচ ছিলেন। পরবর্তী বিশ্বকাপ বা সামনে আর্জেন্টিনার কোচিং করাবেন কিনা খানিকটা অনিশ্চিত। পাশাপাশি আগামী বিশ্বকাপে কোচিং করালেও মেসিসহ আরো কয়েকজন খেলোয়াড়কে না পাওয়ার সম্ভাবনা বেশি। এই সবকিছু নিয়ে বেশ আবেগী ছিল স্কালোনি।

তবে ফাইনাল হারলেও নিজ দলের ফুটবলারদের প্রশংসা করেছে স্কালোনি। তিনি বলেন, কষ্ট হচ্ছে, কিন্তু আমরা জানি যে আমরা আমাদের সবকিছু উজাড় করে দিয়েছি। আমার অনেক কিছুই বলার আছে, কিন্তু এখন আর তা বলে লাভ নেই। আমি এই ছেলেদের প্রতি কৃতজ্ঞ।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন