Header
প্রিন্ট তারিখঃ সেপ্টেম্বর ২১, ২০২৬ , ৪:১৩ পূর্বাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২৬ , ৩:০০ অপরাহ্ণ

সামাজিকযোগাযোগ মাধ্যমে মর্যাদা ক্ষুন্ন হওয়ায় আগৈলঝাড়া যুবদল নেতার সংবাদ সম্মেলন

লেখকঃ মো:আশরাফ, আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় সামাজিকযোগাযোগ এর মাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন থানা যুবদলের নেতা ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. রিয়াজ পাইক।

রবিবার (১৯ জুলাই) আগৈলঝাড়া প্রেসক্লাবে

আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, একটি কুচক্রী মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও ও অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই বলে তিনি দাবি করেন।

রিয়াজ পাইক বলেন, তিনি ২০০১ সাল থেকে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দীর্ঘদিন দলের জন্য কাজ করলেও কখনো পদ-পদবির প্রতি আগ্রহী ছিলেন না। তবে বর্তমানে আগৈলঝাড়া থানা যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী হওয়ায় একটি মহল পরিকল্পিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।

তিনি অভিযোগ করেন, মো. আল আমিন মোল্লাকে সামনে রেখে কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দিয়ে তার বিরুদ্ধে টাকা দাবির মতো ভিত্তিহীন অভিযোগ প্রচার করছে। এসব অভিযোগের কোনো সত্যতা নেই বলে তিনি দাবি করেন।

সংবাদ সম্মেলনে রিয়াজ পাইক আরও বলেন, রাজিহার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি স্থানীয় সালিশ বৈঠকের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে নতুন রূপ দিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে। তিনি ওই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন বলে দাবি করেন। তিনি বলেন,

“আমার রাজনৈতিক ও সামাজিক গ্রহণযোগ্যতা নষ্ট করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দলের ঊর্ধ্বতন নেতাদের প্রতি আহ্বান জানান রিয়াজ পাইক। একই সঙ্গে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাই-বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্য সবার প্রতি অনুরোধ জানান।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন