Header
প্রিন্ট তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬ , ১১:৩৭ অপরাহ্ণ | প্রকাশের সময়ঃ জুলাই ১৯, ২০২৬ , ১০:৫৮ পূর্বাহ্ণ

গোবিপ্রবি ও ডেনিম্যাকের চুক্তি, শিক্ষার্থীদের জন্য ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ

লেখকঃ মোঃ ইসতিয়াক আহম্মদ আসিফ, গোবিপ্রবি প্রতিনিধি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও আরমানা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ডেনিম্যাক লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থীদের জন্য শিল্পপ্রতিষ্ঠানে ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

শুক্রবার (১৭ জুলাই) ঢাকার একটি অভিজাত ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামুজ্জামান এবং ডেনিম্যাক লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানের পরিচালক এস. এম. এহতেশামুল হক রুবেল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, প্রতি বছর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পাঁচজন শিক্ষার্থী ছয় মাসের জন্য ডেনিম্যাক লিমিটেডে সম্মানীসহ ইন্টার্নশিপ করার সুযোগ পাবে। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্ন করার পর পারস্পরিক আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণের মাধ্যমে তাদের স্থায়ী চাকরির সুযোগও দেওয়া হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। তিনি ডেনিম্যাক লিমিটেডের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করেন এবং ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের জন্যও এ ধরনের ইন্টার্নশিপ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি মাহবুবা উদ্দিন, সহযোগী অধ্যাপক বদরুল ইসলাম, সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস এবং ডেনিম্যাক লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই সমঝোতা স্মারক শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জন, শিল্প-শিক্ষা সংযোগ জোরদার এবং ভবিষ্যৎ কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আজকালের কন্ঠ/আর বি

প্রিন্ট করুন